প্রতিবেদন প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৩:১৫
দেশের সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং এই লক্ষ্যে শীঘ্রই একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।
চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনের জন্য খুব দ্রুতই একটি কমিটি ঘোষণা করা হবে। কমিটির সদস্য সংখ্যা কত হবে তা এখনো চূড়ান্ত না হলেও এতে সরকারি ও বিরোধী দলের অভিজ্ঞ আইন বিশেষজ্ঞদের রাখা হবে। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করাই সরকারের মূল লক্ষ্য।
নুরুল ইসলাম মণি বলেন, "আমরা জাতীয় সংসদকে আরও কার্যকর ও গতিশীল করতে চাই। রাষ্ট্রের প্রয়োজনে এবং সংসদীয় কার্যক্রমের সংস্কারে যা কিছুই করা হোক না কেন, তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে। আর এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় আমরা বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করি।
সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করে চিফ হুইপ আরও জানান, দেশের কল্যাণ ও সংবিধানকে যুগোপযোগী করার ক্ষেত্রে সরকার কোনো একক সিদ্ধান্ত নিতে চায় না। তিনি প্রত্যাশা করেন, বিরোধী দল দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই কমিটিতে যোগ দেবে এবং তাদের গঠনমূলক মতামত প্রদান করবে।