সিইসি সংবিধান লঙ্ঘন করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, সময়ঃ ০৮:৫৯


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ গ্রহণের ফরম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুরো প্রক্রিয়াটিকে তিনি অবৈধ এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একটি ‘প্রতারণার দলিল’ হিসেবে অভিহিত করেছেন।

 

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত একটি মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 

স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল উদ্ধৃত করে গত বছর জারি করা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’-এর আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ব্যাখ্যা করেন যে, ওই আদেশের কোনো আইনি বৈধতা নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য অনুচ্ছেদ ১৪৮ অনুযায়ী শপথ গ্রহণ করেছেন। তবে তিনি কোন আইনের ক্ষমতাবলে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হওয়ার শপথ ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন, তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী।

 

স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের ফরম দাখিল করার কোনো এখতিয়ার সিইসি-র নেই। এটি করে তিনি সরাসরি শপথ ভঙ্গ করেছেন এবং দেশের সর্বোচ্চ আইন সংবিধানকে লঙ্ঘন করেছেন।

 

সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করে বলেন, এই সংস্কার পরিষদের পুরো প্রক্রিয়াটিই ছিল একটি আইনি অসারতা এবং জনগণের সাথে এক প্রকার প্রতারণা। মূলত এই অভিযোগের মাধ্যমেই তিনি সিইসি-র বর্তমান কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।