প্রতিবেদন প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, সময়ঃ ০৪:১৫
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনের বৈঠক আজ বিকেলে শুরু হতে যাচ্ছে। আজকের সংসদীয় কার্যসূচিতে থাকছে দেশের সংবিধান সংস্কার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং সূত্রে জানা গেছে, আজকের অধিবেশনে 'জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫'-এর ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বিষয়ে জনগুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
গত ২৯ মার্চ কার্যপ্রণালী বিধির ৬২ ধারায় এই আলোচনার প্রস্তাবটি উত্থাপন করেছিলেন বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তার প্রেক্ষিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজকের দিনটিকে আলোচনার জন্য নির্ধারিত করেন।
সংবিধান সংস্কার ছাড়াও আজকের কার্যসূচিতে রয়েছে নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো ,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় , কৃষি মন্ত্রণালয় , ভূমি মন্ত্রণালয় , প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ ,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ।
এছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আলাদা সময় বরাদ্দ রাখা হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপরও আজকের অধিবেশনে আলোচনা হওয়ার কথা রয়েছে।