প্রতিবেদন প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, সময়ঃ ১২:১৭
দেশে চলমান জ্বালানি তেল সংকটের প্রেক্ষাপটে স্কুল পর্যায়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইন ক্লাসের সমন্বয়ে একটি দ্বিমুখী ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা চলছে।
আজ মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সশরীরে এবং অনলাইন—এই দুই পদ্ধতির সমন্বয় করে ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি অধিকতর গুরুত্বের সাথে পর্যালোচনার জন্য আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানান মন্ত্রী।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতেই সরকার এই উদ্যোগ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশিকা আসতে পারে।