প্রতিবেদন প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, সময়ঃ ০৮:২৪
রাজধানীসহ সারাদেশে ছড়িয়ে পড়া অবৈধ জুয়ার আসর, অনুমোদনহীন সিসা লাউঞ্জ এবং লাইসেন্সবিহীন মদের বার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এই আবেদনে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব অসামাজিক ও অবৈধ কার্যক্রম বন্ধের আর্জি জানানো হয়।
সোমবার (৩০ মার্চ) ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু উচ্চ আদালতে এই রিটটি দাখিল করেন। আবেদনটিতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয় যে, সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের গুলশান, বনানী, উত্তরা ও ধানমণ্ডির মতো অভিজাত এলাকাগুলোতে ক্যাফে বা লাউঞ্জের আড়ালে ব্যাপকহারে মাদক ব্যবসা ও জুয়ার আসর বসেছে। লাইসেন্সবিহীন এসব পানশালা ও সিসা বারগুলো তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে, যা বর্তমান সমাজের জন্য এক মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে।
আবেদনকারী জানান, বাংলাদেশে সিসা বা হুক্কা বার পরিচালনার জন্য কোনো বৈধ আইনি অনুমতি নেই। দেশে বিদ্যমান আইন থাকা সত্ত্বেও যথাযথ তদারকি ও নিয়মিত অভিযানের অভাবে এসব অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলেছে। তাই জনস্বার্থ রক্ষায় নিয়মিত বিরতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব আস্তানা গুঁড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি।
আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে চলতি সপ্তাহেই এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে আশা করা হচ্ছে।