অবৈধ তেল মজুদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, সময়ঃ ১২:৩২


দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। অবৈধভাবে তেল মজুদকারীদের ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার (৩০ মার্চ, ২০২৬) এক জরুরি বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

 

সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যবসায়ী ও চক্রের মাধ্যমে তেল পাচার ও অবৈধ মজুদের ফলে বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, মার্চ মাসের শুরু থেকেই তেলের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়ানো হলেও অসাধু চক্রের কারণে বাজারে তার সুফল মিলছে না।

 

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ১ থেকে ৫ মার্চের মধ্যে দৈনিক গড় সরবরাহ ছিল ১২ হাজার ৭০০ মেট্রিক টন। চলতি বছরের একই সময়ে সেই সরবরাহ বাড়িয়ে ২৪ হাজার মেট্রিক টনের বেশি করা হলেও সংকট কাটেনি। বিপিসি চেয়ারম্যানের মতে, একদিকে মানুষের আতঙ্কিত হয়ে তেল কেনা এবং অন্যদিকে অবৈধ মজুদদারদের তৎপরতাই এই পরিস্থিতির মূল কারণ।

 

বাজার নিয়ন্ত্রণে সরকার জেলা পর্যায়ে 'ভিজিল্যান্স টিম' গঠন করে নজরদারি জোরদার করেছে। এছাড়া পাম্পগুলোতে তদারকির জন্য বিশেষ 'ট্যাগ অফিসার' নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মকর্তারা প্রতিটি পাম্পের বরাদ্দ ও প্রাপ্তির হিসাব নিয়মিত যাচাই করবেন। সারাদেশে চলমান অভিযানের মাধ্যমে ইতিমধ্যে জরিমানা ও কারাদণ্ড প্রদান শুরু হয়েছে।

 

সরকার সাধারণ মানুষকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে চায়। জানানো হয়েছে যে ,সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। স্থানীয় প্রশাসনের কাছে এই তথ্য প্রদান করা যাবে।

সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ এবং কঠোর নজরদারির মাধ্যমে জ্বালানি তেলের বাজার দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।