প্রতিবেদন প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, সময়ঃ ০৬:১৫
ঢাকা প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ সম্পূর্ণ প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ এবং অসন্তোষের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই জনবান্ধব পদক্ষেপ নিয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।
দীর্ঘদিন ধরেই প্রিপেইড মিটার ব্যবহারকারীরা মাসিক চার্জ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। গ্রাহকদের প্রধান অভিযোগ ছিল, মিটারের প্রকৃত মূল্য পরিশোধ হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর ধরে অতিরিক্ত এই চার্জ আদায় করা হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষণ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, "গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। মিটারের মাসিক ভাড়া নিয়ে জনমনে যে অসন্তোষ ছিল, তা নিরসনে সরকার দ্রুত এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।"
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তটি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে কার্যকর করা হবে। এর ফলে প্রতি মাসে বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া বাবদ যে নির্দিষ্ট পরিমাণ অর্থ কাটা হতো, তা আর দিতে হবে না।
প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ নিয়ে সাধারণ গ্রাহক ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিল। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারের এই সিদ্ধান্তকে একটি ইতিবাচক ও স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
গ্রাহক সেবার মানোন্নয়নে সরকারের এই উদ্যোগ বিদ্যুৎ খাতের স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।