প্রতিবেদন প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, সময়ঃ ০২:২৩
নৌপথে দুর্ঘটনা হ্রাস ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি পারাপারের ক্ষেত্রে নতুন ও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এখন থেকে কোনো অবস্থাতেই যাত্রীসহ বাস ফেরিতে তোলা যাবে না; বাস ফেরিতে ওঠার আগেই শতভাগ যাত্রীকে বাধ্যতামূলকভাবে নেমে যেতে হবে। রোববার সচিবালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শেখ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সড়কে নিরাপত্তা বৃদ্ধি ও নৌ দুর্ঘটনা রোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয়, ফেরিতে যানবাহন ওঠানামার সময় বা মাঝনদীতে ঢেউয়ের কবলে পড়ে বড় ধরনের প্রাণহানি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে খালি বাস ফেরিতে তোলার নিয়মটি অত্যন্ত গুরুত্বের সাথে তদারকি করা হবে।
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে এখন থেকে প্রতিটি ফেরিতে পর্যাপ্ত রেলিং লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রী জানান, অনেক সময় ফেরিতে গাড়ি পার্কিং বা চলাচলের সময় ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে, যা রেলিং স্থাপনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনাজনিত প্রাণহানি শূন্যে নামিয়ে আনাই এই নির্দেশনার মূল লক্ষ্য।
সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের বিশ্বাস, এই নতুন নির্দেশনাগুলো বাস্তবায়িত হলে ফেরিঘাটগুলোতে বিশৃঙ্খলা কমবে এবং জননিরাপত্তা আরও সুসংহত হবে।
নিরাপদ নৌ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এই নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে।