সংসদের শব্দযন্ত্রে বিভ্রাট: অন্তর্ঘাত তদন্তে কমিটি গঠন, প্রতিবেদন ৩ এপ্রিলের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, সময়ঃ ০৫:১৩

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রের কারিগরি জটিলতা কোনো পরিকল্পিত 'সাবোটাজ' বা অন্তর্ঘাত কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সংসদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে গঠিত এই কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাউন্ড সিস্টেমের স্থায়ী সমাধানে বিশেষজ্ঞ পরামর্শ নিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর থেকেই শব্দযন্ত্রে নানা সমস্যা দেখা দেয়। উদ্বোধনী দিনেই যান্ত্রিক গোলযোগের কারণে অধিবেশনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছিল। পরবর্তী কার্যদিবসেও বিরোধী দলের সদস্যরা হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে আজ শনিবার চিফ হুইপ নূরুল ইসলামের সভাপতিত্বে সংসদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠক শেষে চিফ হুইপ সাংবাদিকদের জানান, শব্দযন্ত্রের এই বিভ্রাট স্বাভাবিক কোনো ত্রুটি নাকি উদ্দেশ্যপ্রণোদিত কোনো ঘটনা, তা নিশ্চিত হতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পাশাপাশি বর্তমান সাউন্ড সিস্টেমের কারিগরি ত্রুটি চিহ্নিত করতে বুয়েটের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়া সংসদ সদস্যদের ব্যবহারের জন্য বর্তমানে থাকা ভারী হেডফোনগুলো পরিবর্তন করে আধুনিক ও আরামদায়ক হেডফোন সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এদিনের বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধাসমূহ নিয়েও আলোচনা হয়। স্পিকার, মন্ত্রী ও হুইপদের বাইরে বাকি সংসদ সদস্যদের আবাসনের জন্য নির্ধারিত ফ্ল্যাটগুলো আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রস্তুত করে বরাদ্দ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফ্ল্যাটের প্রয়োজনীয় আসবাব ও সরঞ্জাম দ্রুত ক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

 

সংসদ কমিটির এই বৈঠকে রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং আগামী ৩০ মার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।