সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, সময়ঃ ০৩:৪২

শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মূলত লঘুচাপের প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন ঘটতে যাচ্ছে।

 

আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া চিত্রের বিশ্লেষণে জানানো হয় লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। এছাড়া স্বাভাবিক মৌসুমি লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে  এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, যা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে। তবে দমকা হাওয়া ও বজ্রপাতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

আবহাওয়ার এই পরিবর্তন আগামী কয়েকদিন স্থায়ী হবে কি না, তা পরবর্তী ২৪ ঘণ্টার পরিস্থিতির ওপর নির্ভর করছে।