প্রতিবেদন প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, সময়ঃ ০১:১৬
দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থানে সরকার। এরই অংশ হিসেবে দেশের ৯টি জেলার ১৯টি জ্বালানি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে দেশে অবৈধভাবে তেল মজুদের অপচেষ্টা চলছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত ২৫ মার্চ থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।
দেশের মোট ৯টি জেলার ১৯টি ডিপোর মধ্যে ঢাকায় : ১টি ডিপো,রংপুর: ৩টি ডিপো,রাজশাহী: ৩টি ডিপো ,মৌলভীবাজার: ৩টি ডিপো ,কুমিল্লা: ৩টি ডিপো ,কুড়িগ্রাম: ২টি ডিপো ,সিলেট: ২টি ডিপো ,ব্রাহ্মণবাড়িয়া: ১টি ডিপো,সুনামগঞ্জ: ১টি ডিপো রয়েছে ।
বিজিবি সদর দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট ডিপো এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে একজন কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনিক ও নিরাপত্তা তদারকি করছেন। নাশকতা প্রতিরোধ এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
পাশাপাশি, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রুখতে অতিরিক্ত টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিশেষ করে নৌ-পথ এবং সীমান্ত এলাকার আইসিপি ও এলসিপিগুলোতে পণ্যবাহী ট্রাক ও লরিতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনাই এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।