প্রতিবেদন প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, সময়ঃ ০১:০৬
দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনমনে বিভ্রান্তি এড়াতে এবং অবৈধ মজুদ রোধে শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাজারে পেট্রল, অকটেন ও ডিজেলের কোনো ঘাটতি নেই। সরকার চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত জ্বালানি ক্রয় প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ফলে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই। সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, বর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই অধিক মুনাফার আশায় তেল মজুদ করা সম্পূর্ণ বেআইনি। যেহেতু এসব জ্বালানি অত্যন্ত দাহ্য পদার্থ, সেহেতু ব্যক্তিগত বা বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধ মজুদ করা অগ্নিকাণ্ডের মতো বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।
অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে জেলা পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে এই সচেতনতামূলক বার্তাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
পরিশেষে, জ্বালানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং নিজের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ তেল মজুদকে 'না' বলার জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে।