প্রতিবেদন প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, সময়ঃ ০১:২৭
দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে একটি স্বার্থান্বেষী মহল ও কালোবাজারিরা তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদে নবনির্মিত ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, "বাজারে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কোনো কারণ নেই। কিন্তু কিছু অসাধু চক্র ব্যক্তিগত মুনাফার উদ্দেশ্যে তেল সরিয়ে রেখে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। প্রশাসন এই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।"
এদিকে মন্ত্রীর আশ্বাসের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে পাম্প মালিকদের কণ্ঠে। একই দিনে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে এক সতর্কবার্তা জারি করা হয়েছে। সংগঠনটির দাবি, বর্তমান পরিস্থিতিতে ক্রেতারা যদি তেল ক্রয়ে সংযত না হন, তবে আগামী ১০ দিনের মধ্যে পাম্পগুলোর মজুত শেষ হয়ে যেতে পারে।
পাম্প মালিক সমিতি সাধারণ গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করা থেকে বিরত থাকতে হবে। ক্রেতাদের অস্বাভাবিক চাহিদার ফলে পাম্পগুলোতে টান পড়তে শুরু করেছে, যা দীর্ঘমেয়াদী সংকটের শঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের পক্ষ থেকে কঠোর তদারকি এবং সাধারণ মানুষের সচেতনতাই কেবল জ্বালানি খাতের এই অস্থিরতা নিরসন করতে পারে।