প্রতিবেদন প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, সময়ঃ ০১:০৮
ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাঠানো এই জ্বালানি তেল দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে এসে পৌঁছায়।
পার্বতীপুর রেলহেড ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পাইপলাইনের মাধ্যমে এই বিশাল পরিমাণ ডিজেল এসে পৌঁছায়। এরপর শুক্রবার সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে এসব ডিজেল দেশের প্রধান তিন জ্বালানি পরিবেশক কোম্পানি — পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সংরক্ষণ (আনলোড) করার কাজ শুরু হয়।
কৃষিপ্রধান উত্তরাঞ্চলের ১৬ জেলায় সেচ মৌসুম এবং পরিবহন খাতের জ্বালানি চাহিদা মেটাতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি এই জ্বালানি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী প্রধান লক্ষ্য উত্তরাঞ্চলের ৮ জেলায় নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করা। পরিবহন খাত ডিজেলচালিত যানবাহন চলাচল স্বাভাবিক রাখা। চলতি বছর পাইপলাইনের মাধ্যমে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে।
বর্তমানে বোরো মৌসুম চলায় উত্তরাঞ্চলের কৃষকদের কাছে ডিজেলের চাহিদা তুঙ্গে। পাইপলাইনের মাধ্যমে সরাসরি জ্বালানি আসায় পরিবহনের ঝামেলা কমবে এবং সময়মতো কৃষকদের দোরগোড়ায় জ্বালানি পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশেষজ্ঞদের মতে, এই পাইপলাইন সংযোগ শুধু জ্বালানি নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং দুই দেশের অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ককেও আরও সুদৃঢ় করছে।