বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের সংহতি ও পূর্ণ সমর্থনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, সময়ঃ ১২:২৯


বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

 

বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান। বিশেষ করে, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে দীর্ঘকাল ধরে আশ্রয় প্রদানের  ক্ষেত্রে বাংলাদেশের মানবিক নেতৃত্ব ও অতুলনীয় উদারতার ভূয়সী প্রশংসা করেন তিনি। গুতেরেস পুনর্ব্যক্ত করেন যে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ বাংলাদেশের পাশে রয়েছে।

 

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতি এবং বিশেষ করে চলমান তেল সংকটের বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন ,জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর ওপর অসম বোঝা সৃষ্টি করছে। জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলো বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

 

আলোচনার একপর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আন্তোনিও গুতেরেসকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। জাতিসংঘ মহাসচিব অত্যন্ত আন্তরিকতার সাথে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশের প্রতি তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

বৈঠক শেষে উভয় পক্ষই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নতুন সরকারের অবস্থান আরও সুসংহত হলো।