দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাস ডুবে নিহতের সংখ্যা বেড়ে ২৬

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, সময়ঃ ০৩:৩৩

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৫ জন শিশুসহ মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী।

 

গত বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহনের’একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী অবস্থান করছিলেন।

 

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সাহায্যে ডুবন্ত বাসটি পানি থেকে উপরে তোলার পর মৃতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। উদ্ধারকৃত ২৬ জনের মরদেহের মধ্যে বাসের ভেতর থেকে উদ্ধার: ২৪ জন (পুরুষ ৮ জন, নারী ১১ জন, শিশু ৫ জন)।

 

ফায়ার সার্ভিস ২৩ জন এবং স্থানীয়রা ২ জনের মরদেহ উদ্ধার করেন। এ ছাড়া নৌবাহিনীর ডুবুরি দল ১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুদের তথ্য মৃত ৫ শিশুর মধ্যে চারজন ছেলে এবং একজন মেয়ে শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই দুই নারীকে অচেতন অবস্থায় নদী থেকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, বাসটি তলিয়ে যাওয়ার মুহূর্তে তারা বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন।

 

ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘ উদ্ধার অভিযান শেষে বাসটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে নিখোঁজ অন্য যাত্রীদের সন্ধানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।