বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, সময়ঃ ০৩:১৬

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৫ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ওয়াশিংটনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী রুবিও উল্লেখ করেন যে, বাংলাদেশের জন্য এই উদযাপনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়ে এসেছে। তিনি বলেন, "সাম্প্রতিক সাধারণ নির্বাচনের পর বাংলাদেশ যখন তার ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করছে, ঠিক সেই মুহূর্তেই এই স্বাধীনতা দিবস পালিত হচ্ছে।" তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যকার দীর্ঘমেয়াদি সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। তিনি নিম্নোক্ত লক্ষ্যগুলোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন , ইন্দো-প্যাসিফিক অঞ্চল: একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিনির্মাণে বাংলাদেশের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ। দুই দেশের জনগণের বৃহত্তর স্বার্থে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরালো করা। নিরাপত্তা খাতে বিদ্যমান অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

 

বিবৃতির সমাপ্তিতে মার্কো রুবিও পুনর্ব্যক্ত করেন যে, এই ঐতিহাসিক ক্ষণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।