প্রতিবেদন প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, সময়ঃ ০২:৪৮
দেশের শহর ও গ্রামাঞ্চলের সকল শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এই কমিটির আহ্বায়ক মনোনীত করা হয়েছে। মূলত আসন্ন ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই ক্যাম্পাসগুলো পাঠদানের উপযোগী ও ঝকঝকে করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত ওই নির্দেশনায় পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে পাঁচ দফা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই কমিটি কেবল ঈদ পরবর্তী পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, বরং বছরজুড়ে এই ধারা অব্যাহত রাখার বিষয়টি তদারকি করবে।
ঈদ পরবর্তী প্রস্তুতির মধ্যে রয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরের ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার আগেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পরিষ্কার করা , নিয়মিত তদারকি, সাপ্তাহিক অভিযান ,সবুজায়ন ও সচেতনতা বৃদ্ধি ।
সরকারের এই সিদ্ধান্তকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত এসব নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পাঠদান নিশ্চিত করতেই মন্ত্রণালয় এই সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।