প্রতিবেদন প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, সময়ঃ ০৬:২২
দেশের স্বাস্থ্যসেবা খাতের শৃঙ্খলা ফেরাতে এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে অননুমোদিত ও নিম্নমানের বেসরকারি ক্লিনিকগুলোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ মঙ্গলবার সচিবালয়ে ঈদের ছুটি পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আজ থেকেই রাজধানীর বিভিন্ন বেসরকারি ক্লিনিকে বিশেষ পরিদর্শন ও তদারকি কার্যক্রম শুরু হচ্ছে। মূলত জনস্বার্থ রক্ষা এবং সেবার মান বৃদ্ধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী স্পষ্ট করে বলেন যে, অনিয়মকারী বা লাইসেন্সবিহীন ক্লিনিকগুলোর ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রী উল্লেখ করেন, জননিরাপত্তা ও চিকিৎসাসেবার ন্যূনতম মান বজায় রাখতে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানগুলোকে কোনো প্রকার কালক্ষেপণ না করেই তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। তিনি আরও জানান যে, এই তদারকি কার্যক্রম শুধুমাত্র রাজধানীতেই সীমাবদ্ধ থাকবে না; পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
দেশের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন ও সাধারণ মানুষের চিকিৎসা অধিকার নিশ্চিত করতেই এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।