পর্যাপ্ত মজুত আছে, পাম্পে ভিড় না করার আহ্বান জ্বালানি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, সময়ঃ ০৩:৩৮

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই জানিয়ে পেট্রোল পাম্পগুলোতে অযথা ভিড় না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নিশ্চিত করেন যে, সরকারি ডিপোগুলোতে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

 

জ্বালানি মন্ত্রী জানান, সরকার তেলের দাম বৃদ্ধি করেনি এবং সরবরাহ ব্যবস্থাও আগের মতোই সচল রয়েছে। গত বছরের তুলনায় এ বছর সরবরাহ ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। তিনি বলেন,"প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে বাজারে কৃত্রিম অস্থিরতা তৈরি করবেন না। অতিরিক্ত ক্রয়ের ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও ভোগান্তি তৈরি হচ্ছে যা একেবারেই অযৌক্তিক।"

 

ঈদের ছুটিজনিত কারণে গত দুই দিন (ঈদের দিন ও তার পরের দিন) সরকারি তেল ডিপোগুলো বন্ধ ছিল। এই বন্ধের ফলে পাম্পগুলোতে সাময়িকভাবে তেলের কিছুটা টান পড়তে পারে বলে মন্ত্রী স্বীকার করেন। তবে তিনি আশ্বস্ত করেন যে, আজ মঙ্গলবার সকাল থেকে ডিপোগুলো পুনরায় চালু হয়েছে এবং পাম্পগুলোতে স্বাভাবিক সরবরাহ শুরু হয়েছে।

 

জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। তিনি দৃঢ়ভাবে জানান, তেলের কোনো সংকট হবে না এবং সরকার সাধ্যমতো সরবরাহ বজায় রাখতে সচেষ্ট আছে।

 

পরিশেষে, লাইনে দাঁড়িয়ে অস্থিরতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের জন্য তিনি পুনরায় নাগরিক ও যানবাহন চালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।