প্রতিবেদন প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, সময়ঃ ১১:৪৯
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সোমবার (২৩ মার্চ) চিকিৎসকদের বরাত দিয়ে এই ইতিবাচক তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
সমাজকল্যাণ মন্ত্রী জানান, মির্জা আব্বাসের শরীরের বিভিন্ন প্যারামিটার বর্তমানে ইতিবাচক সংকেত দিচ্ছে। তিনি বলেন, “আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন উনার অবস্থা উন্নতির দিকে। যেহেতু এটি মস্তিষ্কের বিষয়, তাই সুস্থ হতে কিছুটা সময় লাগবে। উনার জন্য সবার কাছে দোয়া চাই।”
সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকালে চিকিৎসকরা তাকে বিছানা থেকে তুলে চেয়ারে বসিয়েছেন। তিনি এখন ধীরগতিতে কথা বলতে পারছেন, যা স্বাস্থ্যের একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
মির্জা আব্বাসের সাথে হাসপাতালে সার্বক্ষণিক উপস্থিত রয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৩ মার্চ সেখানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার মস্তিষ্কে চার ঘণ্টার এক জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনের পর দুই দিন আইসিইউতে থাকার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।