প্রতিবেদন প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, সময়ঃ ১১:৪১
সাত দিনের দীর্ঘ ঈদের ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকে পুনরায় সরগরম হয়ে উঠেছে দেশের সরকারি ও বেসরকারি সব দপ্তর। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও সকাল থেকেই শুরু হয়েছে দাফতরিক কর্মতত্পরতা। ছুটির পর প্রথম কার্যদিবসেই নির্ধারিত সময়ে সচিবালয়ে উপস্থিত হয়ে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঠিক সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থান করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ফাইল ও দাফতরিক কাজ পরিচালনা করছেন। দীর্ঘ ছুটির পর প্রথম দিনই প্রধানমন্ত্রীর এমন সরব উপস্থিতি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে।
আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বেলা ১১টায় একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দেশের বিদ্যমান অর্থনৈতিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সংক্রান্ত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত থাকবেন। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিদেশের বাজারে দক্ষ জনবল পাঠানো এবং দেশের অভ্যন্তরে নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক নির্ধারিত রয়েছে। বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে এবং বেকারত্ব নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে এই সভায় দিকনির্দেশনা দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচিতে আরও রয়েছে ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত পর্যালোচনা। এই প্রকল্পের সার্বিক অবস্থা নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের সাথে বৈঠকে বসবেন তিনি। সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি নির্ধারিত রয়েছে।
পুরো দিনটিই প্রধানমন্ত্রী বিভিন্ন নীতিনির্ধারণী আলোচনা ও জনগুরুত্বপূর্ণ কাজে পার করবেন বলে আশা করা হচ্ছে।