প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২২ মার্চ ২০২৬, সময়ঃ ০১:০৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্তকে ভারতের পশ্চিমবঙ্গের আদালতে হাজির করা হয়েছে। আজ রোববার (২২ মার্চ) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিশেষ আদালতে তোলা হয়।

 

রোববার বেলা ১২টার দিকে মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার ঘনিষ্ঠ সহযোগী আলমগীর হোসেনকে বিধাননগর বিশেষ আদালতে হাজির করে পুলিশ। এর আগে এই দুই আসামিকে ১৪ দিনের পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

চলতি মাসের ৭ তারিখ দিবাগত রাতে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় এক ঝটিকা অভিযান চালায়। সেই অভিযানেই ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছিল স্থানীয় পুলিশ।

 

এদিকে, আসামিদের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। মেঘালয় সীমান্ত দিয়ে আসামিদের পার করে দেওয়ার অভিযোগে গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

 

ফিলিপকে এসটিএফ ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষ করেছে। গত শনিবার (২১ মার্চ) তার রিমান্ডের সময়সীমা শেষ হওয়ায় তাকেও আদালতে হাজির করা হয়েছে।