প্রতিবেদন প্রকাশ: ২১ মার্চ ২০২৬, সময়ঃ ০১:২৮
পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে পৌঁছে তিনি মা-বাবার রুহের মাগফিরাত কামনা করেন।
জিয়ারতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে তিনি জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
নামাজ ও জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীর্ঘ সময় পর দেশের মাটিতে ঈদ করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান।
প্রধানমন্ত্রী বলেন, "বহু বছর পর নিজের দেশে ঈদ উৎসব পালন করতে পেরে আমি আনন্দিত। দেশের মানুষ যেভাবে নির্বিঘ্নে এবারের ঈদ উদযাপন করেছে, আগামীতে যেন আরও শান্তিপূর্ণভাবে তা সম্পন্ন হতে পারে, সেই দোয়াই করি।"
শুভেচ্ছা বিনিময়কালে তারেক রহমান দেশের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের সমর্থন থাকলে নির্বাচিত সরকার সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাবে। দলমত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক যেন ভালো থাকেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী মহান একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, তাঁদের আত্মত্যাগ ও সাহসিকতা দেশ গঠনে আমাদের অনুপ্রেরণা জোগাবে।