ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২০ মার্চ ২০২৬, সময়ঃ ০৪:১৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি। শুক্রবার ভোররাতে চালানো এক ‘সন্ত্রাসী হামলায়’ তিনি নিহত হন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

 

আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম ‘সেপাহ নিউজ’ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ভোররাতে আমেরিকা ও ইহুদিবাদী গোষ্ঠীর (ইসরায়েল) অপরাধমূলক এবং কাপুরুষোচিত হামলায় আলী নাঈনি শহীদ হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই গুরুত্বপূর্ণ মৃত্যুর খবরটি প্রচার করেছে।

 

উল্লেখ্য, শুক্রবার মধ্যরাত থেকেই ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালানো হচ্ছে। তেহরানের পূর্বাঞ্চলসহ কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ এবং কাশান শহরে ব্যাপক আক্রমণের খবর পাওয়া গেছে।

 

আলী মোহাম্মদ নাঈনি ঠিক কোন সময়ে বা কোন স্থানে নিহত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও প্রকাশ করেনি তেহরান। তবে বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে তার একটি সাম্প্রতিক বিবৃতির কারণে।

 

নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি জাতীয় টেলিভিশনে এসে বলেছিলেন, "যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির পূর্ণ সক্ষমতা রয়েছে।" এই বক্তব্যের পরপরই তার মৃত্যুর খবর আসায় প্রশ্ন উঠেছে যে, তিনি কি ওই বিবৃতির আগে নাকি পরে হামলার শিকার হয়েছেন।

 

৬৮ বছর বয়সী আলী মোহাম্মদ নাঈনি ছিলেন আইআরজিসির একজন সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল। ২০২৪ সালে তাকে এই প্রভাবশালী বাহিনীর মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার পৈতৃক নিবাস ইরানের কাশান শহরে।

 

আইআরজিসি মুখপাত্রের মৃত্যুর খবর ইরান নিশ্চিত করলেও এখন পর্যন্ত এ বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।