ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, সময়ঃ ০৯:৫৫

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশেষ সভা আহ্বান করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করবেন।

 

সারা দেশের ৬৪ জেলা থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই সভা থেকেই নিশ্চিত করা হবে কবে পালিত হবে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করেই ঈদুল ফিতর পালনের চূড়ান্ত ঘোষণা আসবে কমিটির পক্ষ থেকে। ইসলামিক ফাউন্ডেশন দেশবাসীকে অনুরোধ জানিয়েছে, যদি কেউ কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে পান, তবে যেন দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করেন।

 

চাঁদ দেখার সংবাদ সরাসরি জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন নির্দিষ্ট কিছু টেলিফোন নম্বর চালু করেছে। নাগরিকরা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ , ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরগুলোতে কল করে তথ্য প্রদান করতে পারবেন । এছাড়া কোনো ব্যক্তি চাইলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) চাঁদ দেখার বিষয়টি জানাতে পারবেন।

 

ধর্মপ্রাণ মুসলিমদের সিয়াম সাধনা শেষে আনন্দ উৎসবের বার্তা নিয়ে আসা এই সভার সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশ।