সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে প্রাণহানি, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, সময়ঃ ০৯:০৮

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দুই লঞ্চের মধ্যে আকস্মিক সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার এই দুর্ঘটনায় নিহতের পাশাপাশি তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন এবং তার মাসহ আরও একজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ কাজ করছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় সদরঘাটে একটি ট্রলারের মাধ্যমে যাত্রীরা লঞ্চে উঠছিলেন। এমন সময় পেছন থেকে আসা অন্য একটি লঞ্চ সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের নাম মো. সোহেল ফকির (২২)। তার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চর খাগকাটা এলাকায়। দুর্ঘটনায় সোহেলের স্ত্রী রুপা আক্তার (২০) মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিখোঁজদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে; তিনি নিহত সোহেলের বাবা মিরাজ হোসেন (৪০)। তবে নিখোঁজ অন্য ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, "ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বর্তমানে ঘটনাস্থলে তৎপর রয়েছে। তবে উদ্ধারকাজ চলমান থাকায় আমাদের পক্ষ থেকে হতাহতের সংখ্যা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না।"

সন্ধ্যা ০৮.০০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের দাপ্তরিক রেকর্ডে হতাহতের তথ্য না আসলেও, স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ঘটনার ভয়াবহতা নিশ্চিত করেছেন। নিখোঁজদের সন্ধানে বুড়িগঙ্গা নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

 

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।