তুরস্ক ও অস্ট্রেলিয়ায় শুক্রবার ঈদ, সিঙ্গাপুরে শনিবার

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, সময়ঃ ০৮:৩৫

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা ও চাঁদ পর্যবেক্ষণের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। তুরস্ক এবং অস্ট্রেলিয়া আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিলেও সিঙ্গাপুরে একদিন পর অর্থাৎ ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদ পালিত হবে। দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার খালিজ টাইমস ও গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

 

তুরস্ক ও সিঙ্গাপুর—উভয় দেশই সাধারণত হিজরি ক্যালেন্ডার নির্ধারণে সরাসরি চাঁদ দেখার চেয়ে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে বেশি গুরুত্ব দেয়। তুরস্কের হিসাব অনুযায়ী, আগামী বৃহস্পতিবার আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তারা ২০ মার্চ (শুক্রবার) ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

 

বিপরীতে, সিঙ্গাপুরের আবহাওয়া ও অবস্থানগত কারণে বৃহস্পতিবার চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফলে সেখানে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ পালিত হবে ২১ মার্চ (শনিবার)। বর্তমানে এই দুই দেশেই ২৮তম রমজান অতিবাহিত হচ্ছে।

 

এদিকে ওশেনিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়াতেও ঈদের তারিখ চূড়ান্ত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা 'অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল' জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান শেষ হবে। সেই হিসেবে অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ২০ মার্চ (শুক্রবার)। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন চাঁদের উদয়কাল এবং সূর্যাস্তের পর চাঁদের অবস্থানের সঠিক গাণিতিক হিসাব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের প্রস্তুতি চললেও সেখানে চাঁদ দেখার বিষয়টি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তবে গ্লোবাল ট্রেন্ড ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্তে রমজানের সময়সীমা ও ঈদের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে মুসলিম উম্মাহর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা এখন নিজ নিজ দেশের চাঁদ দেখা কমিটির চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন।