প্রতিবেদন প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, সময়ঃ ০৭:১৭
ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব এক হামলায় নিহত হয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বুধবার তিনি এই তথ্য প্রকাশ্যে আনেন। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই খবরের কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দাবি অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাতে এক বিশেষ অভিযানে ইসমাইল খতিব নিহত হন। ইসরায়েল কাৎজ আরও জানিয়েছেন যে, তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালানোর স্থায়ী অনুমতি দিয়ে রেখেছেন। অর্থাৎ, এ ধরনের অভিযানের জন্য ইসরায়েলি বাহিনীর আর নতুন করে কোনো অনুমোদনের প্রয়োজন হবে না।
উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। গোয়েন্দামন্ত্রীকে নিশানা করার ঠিক আগের রাতেই ইরানের আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তারা হলেন— ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের সেক্রেটারি আলি লারিজানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীন বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানি।
এদিকে, ইসরায়েল তাদের সফলতার দাবি জানালেও তেহরানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ইসমাইল খতিবের ভাগ্যে আসলে কী ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ইরানের সংবাদমাধ্যমগুলোও এই বিষয়ে কোনো তথ্য প্রদান করেনি।