বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, সময়ঃ ০৪:৩২

বগুড়ায় ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে নীলফামারীগামী আন্তঃনগর 'নীলসাগর এক্সপ্রেস' ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশনের নিকটবর্তী বাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন এবং উত্তরবঙ্গের ৫টি জেলার সাথে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

 

সান্তাহার জংশন স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি দুপুর আড়াইটার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের কাছাকাছি পৌঁছালে বাগবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। রেললাইনে আগে থেকে বিদ্যমান ত্রুটির কারণে ট্রেনের ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই উত্তরবঙ্গের নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সাথে রাজধানীর ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

 

দুর্ঘটনায় ট্রেনের ভেতরে থাকা অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও রেল কর্তৃপক্ষের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত নওগাঁ জেলা হাসপাতাল এবং আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারো নিহতের খবর পাওয়া যায়নি।

 

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা খাতুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইনের ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটেছে। তিনি আরও বলেন, "বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন তলব করা হয়েছে, তবে সেটি ঠিক কখন নাগাদ দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করতে পারবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।"

 

লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।