ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, সময়ঃ ১২:৩৭

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকেই এই প্রত্যাবাসন কার্যক্রম শুরু হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

 

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ইরান থেকে প্রায় দুই শতাধিক বা তার কিছু বেশি সংখ্যক বাংলাদেশিকে প্রথম দফায় ফিরিয়ে আনা হবে। সরাসরি আকাশপথের পরিবর্তে বিশেষ ব্যবস্থায় তাদের দেশে আনা হচ্ছে।

 

প্রথমে নাগরিকদের সড়কপথে ইরান সীমান্ত পার করে প্রতিবেশী দেশ আজারবাইজানে নিয়ে যাওয়া হবে। এরপর আজারবাইজানের রাজধানী বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে তাদের সরাসরি ঢাকায় আনা হবে।

 

এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার বিশেষ তদারকি দল গঠন করেছে। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক পুরো প্রক্রিয়াটি সমন্বয় করতে আজারবাইজান যাচ্ছেন।

 

এছাড়া, ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা গত মঙ্গলবার রাতেই বাকুর উদ্দেশে রওনা হয়েছেন। তারা সেখানে অবস্থান করে নাগরিকদের নিরাপদে বিমানে তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন।

 

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত অনেক বাংলাদেশি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের মধ্যে যারা নিজ উদ্যোগে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেই সরকার এই দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চল থেকে আগ্রহী নাগরিকদের ফিরিয়ে আনার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুতই তারা স্বদেশের মাটিতে পা রাখবেন।