প্রতিবেদন প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, সময়ঃ ০৮:১৬
দুই অর্থবছরের বাজেট সংক্রান্ত পৃথক দুটি অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে পরিণত করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট সংক্রান্ত আইনি জটিলতা নিরসন হতে যাচ্ছে।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, বিশেষ পরিস্থিতিতে জারি করা দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে এখন নিয়মিত আইনের মর্যাদা দেওয়া হচ্ছে। বিষয়গুলো হলো:
২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট: সংবিধানের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো অর্থবছরে বরাদ্দকৃত অর্থ অপর্যাপ্ত হলে বা অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হলে সংসদে সম্পূরক আর্থিক বিবৃতি পেশ করা বাধ্যতামূলক। তবে সংসদ ভেঙে যাওয়ায় বিগত সময়ে তা সম্ভব হয়নি। ফলে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ক্ষমতাবলে অন্তর্বর্তীকালীন সরকার 'নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫' জারি করেছিল, যা এখন আইনে পরিণত হচ্ছে।
২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট: একইভাবে সংবিধানের ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী বার্ষিক আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা থাকলেও সংসদ অনুপস্থিত থাকায় ৯৩ অনুচ্ছেদের অধীনে 'নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫' জারি করা হয়। মন্ত্রিসভা আজ এটিকেও আইনে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে।
মন্ত্রিপরিষদ সচিব ব্যাখ্যা করেন যে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাজেট পাসের জন্য সংসদীয় অনুমোদনের প্রয়োজন থাকলেও বিশেষ অবস্থায় অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যয় সচল রাখা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনিক ও আইনি স্বচ্ছতা নিশ্চিত করতেই এই অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় ব্যয় ও বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।