ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদরঘাটে র‍্যাব ও কোস্ট গার্ডের কঠোর নজরদারি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, সময়ঃ ০৪:২৫

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নৌ-পথের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-১০ এবং কোস্ট গার্ড। সদরঘাট লঞ্চ টার্মিনালে তদারকি শেষে সংস্থা দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। পরিদর্শন শেষে তিনি জানান, ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো পরিবহন বা লঞ্চ যদি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে, তবে খবর পাওয়া মাত্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন ,ঈদের সফর নিরাপদ করতে র‍্যাবের ৩২টি টিম তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। এই টিমগুলো দিনরাত ২৪ ঘণ্টা মাঠে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঈদ মৌসুমে অপরাধীদের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কায় এই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

 

অধিনায়ক আরও উল্লেখ করেন যে, এবারের ঈদে ঢাকা ছাড়ছেন প্রায় ২ কোটি মানুষ। বিপুল সংখ্যক মানুষের এই প্রস্থানের ফলে রাজধানীর যে বাসাগুলো খালি হয়ে যাচ্ছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও র‍্যাব সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে সদরঘাটের নৌ চলাচল পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করছে সংস্থাটি।

 

এদিকে নৌ-পথের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের ভূমিকার কথা জানিয়েছেন পাগলা স্টেশন কমান্ডার লে. মো. রাকিবুল ইসলাম রনি। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কোস্ট গার্ডের ২৪ ঘণ্টার টহল অব্যাহত রয়েছে। নৌ-পথে যেকোনো ধরনের চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে সংস্থাটি।

 

সামগ্রিকভাবে, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।