প্রতিবেদন প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, সময়ঃ ০২:৩৭
রাজধানীর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা কার্যক্রমে অত্যাধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি না করে বুয়েটের কারিগরি সহায়তায় দেশেই তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ, ২০২৬) সচিবালয়ে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞদের পরামর্শ দেন যে, বর্জ্য অপসারণে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি আমদানিনির্ভর না হয়ে কীভাবে দেশীয় প্রযুক্তিতে উৎপাদন করা যায়, সে বিষয়ে বুয়েটের সহযোগিতা নিতে। বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান জানান, প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনা অটোমেশন ও পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবহারের ওপর জোর দিয়েছেন। বিদেশ থেকে গাড়ি আমদানির চেয়ে দেশেই তা তৈরির নির্দেশনা দিয়েছেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের জন্য প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস দিয়েছেন। এটি কর্মীদের কাজের উৎসাহ বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজস্ব পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "সিটি কর্পোরেশনের জন্য এখনো বিশেষ থোক বরাদ্দ পাওয়া যায়নি, তবে নিজস্ব আয় বা রাজস্ব বাড়ানোর চেষ্টা চলছে।"
অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানান, রাস্তাঘাটের উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে মশা নিধনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, "কেবল ওষুধ ছিটিয়ে মশা নির্মূল করা সম্ভব নয়। এজন্য খাল পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আশা করছি বর্ষার আগেই মশা অনেকটা নিয়ন্ত্রণে আসবে।"