১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, সময়ঃ ০২:১৯

বিগত ১৯ বছর ধরে চলা দীর্ঘ আইনি এবং মানসিক লড়াইয়ের পর অবশেষে নিজেদের অধিকার ফিরে পাচ্ছেন ৩৩০ জন পুলিশ কর্মকর্তা। ২০০৭ সালে 'দলীয় বিবেচনা'র অভিযোগে বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের সেই নিয়োগের আদেশটি প্রত্যাহার করে নিয়েছে বর্তমান সরকার।

 

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

যাদের নিয়োগ পুনরায় নিশ্চিত হলো প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৬ সালে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ১২৩ জন সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) ২০০৭ সালে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় দুই দশক পর সরকার সেই বাতিলের আদেশটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নির্বাচিত এই ৩৩০ জন কর্মকর্তা পুনরায় সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন।

 

সিনিয়রিটি বজায় থাকলেও থাকছে না আর্থিক সুবিধা নতুন সিদ্ধান্ত অনুসারে, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা (সিনিয়রিটি) নির্ধারণের ক্ষেত্রে একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ২০০৭ সালে তাদের নিয়োগ বাতিল না হলে তারা স্বাভাবিকভাবে যে তারিখে চাকরিতে যোগ দিতেন, সেই তারিখ থেকেই তাদের ‘ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা’ কার্যকর হবে। তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে যে, এই দীর্ঘ সময়ে তারা কর্মস্থলে না থাকায় কোনো ধরনের বকেয়া বেতন বা আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।


প্রশিক্ষণ ও পরবর্তী ধাপ নিয়োগপ্রাপ্তদের পুনরায় মূল ধারায় ফিরিয়ে আনতে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং সর্বোচ্চ দুই বছরের শিক্ষানবিশকাল (প্রবেশন পিরিয়ড) নির্ধারণ করা হয়েছে।

 

লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রচলিত বিধি অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা তৈরি করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।