প্রতিবেদন প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, সময়ঃ ০২:০৮
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং ছিনতাই, ডাকাতি ও টিকিট কালোবাজারি রুখতে র্যাব ও পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে।
বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট এবং ঢাকা থেকে বের হওয়ার প্রধান পথগুলোতে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং অপরাধী চক্রের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া কোটিরও বেশি মানুষের ফেলে যাওয়া ঘরবাড়ি ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। র্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, অতীতের অপরাধগুলো বিশ্লেষণ করে এবার নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। ১৫টি ব্যাটালিয়ন ঢাকা ও সারাদেশে একযোগে অভিযান পরিচালনা করবে। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট এবং সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
গাবতলী, সায়েদাবাদসহ প্রধান টার্মিনালগুলোতে টিকিট কালোবাজারি রুখতে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে র্যাবের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। এছাড়াও গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যাতে কোনো অসন্তোষ তৈরি না হয়, সে লক্ষ্যে মালিক ও শ্রমিক নেতাদের সাথে সমন্বয় করে কাজ করছে পুলিশ। মৌলবাদীদের উত্থান রোধেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ ও পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার জানান, সাধারণ পোশাকে পুলিশ, ডিবি, সোয়াট এবং অশ্বারোহী পুলিশও নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
নিরাপত্তা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে নিচের নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স:
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ ১৭ মার্চ থেকে শুরু হওয়া সরকারি-বেসরকারি ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।