প্রতিবেদন প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, সময়ঃ ০৮:৪০
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিনির্ভর দিনাজপুর অঞ্চলে সেচ সুবিধা নিশ্চিত করতে এবং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা করতে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দিয়ে সর্বজনীন ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে সামাজিক নিরাপত্তা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দিনাজপুরের কৃষি সমস্যার কথা উল্লেখ করে বলেন, এ অঞ্চলে পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং পানিতে আয়রনের মাত্রা বাড়ছে। এই সংকট সমাধানে বর্ষার পানি ধরে রাখার ওপর জোর দিয়ে তিনি জানান, দিনাজপুর থেকেই খাল খনন কার্যক্রমের সূচনা করা হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের এক মাসের মধ্যেই মাঠ পর্যায়ে এসব কাজ শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সরকারের নতুন উদ্যোগ 'ফ্যামিলি কার্ড' প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই কার্ডের সুবিধা ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সংসদ সদস্য—সবাই পাবেন। তবে এক্ষেত্রে সমাজের প্রান্তিক ও প্রকৃত অভাবী মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকার দল-মত নির্বিশেষে সবার। যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবার প্রত্যাশা পূরণেই কাজ করবে এই প্রশাসন।
বিগত ১৫ বছরের স্থবিরতা কাটিয়ে উঠতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে জমে থাকা সমস্যাগুলো মাত্র ১৫-১৬ মাসে সমাধান করা সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও জানান, সরকারের প্রতিটি প্রতিনিধি ইতিমধ্যে নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে নিরলস কাজ করে যাচ্ছেন।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-৪ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে কৃষি বিপ্লব এবং সামাজিক বৈষম্য দূর করার মাধ্যমে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।