প্রতিবেদন প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, সময়ঃ ০৭:৪২
দেশের পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অস্বাভাবিক ব্যবধান কমিয়ে আনতে ঈদের পরপরই বিশেষ অভিযানে নামছে সরকার। সোমবার সকালে সিলেটের ওসমানীনগরে একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এই কঠোর হুঁশিয়ারি দেন। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, দুই বাজারের মূল্যের পার্থক্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতোমধ্যে স্পট মার্কেট থেকে তেল সংগ্রহের মতো জরুরি পদক্ষেপ নিয়েছে। দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই আমাদের আমদানি ব্যয় রপ্তানি আয়ের তুলনায় বেশি। তবে এই বাণিজ্য ঘাটতি কমিয়ে দেশীয় অর্থনীতিকে শক্তিশালী ও স্বাবলম্বী করতে বর্তমান সরকার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
বাণিজ্যমন্ত্রী এদিন ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে ‘কাদিরপুর–চম্পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। স্থানীয় কৃষিখাতের উন্নয়ন এবং বর্ষাকালে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এই প্রকল্পটি অত্যন্ত সহায়ক হবে বলে সভায় জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী , এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
জনস্বার্থ রক্ষায় এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী তাঁর বক্তব্য সমাপ্ত করেন।