স্কুলে ভর্তিতে লটারি প্রথা বাতিল, ফিরছে পরীক্ষা পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, সময়ঃ ০৫:৫৬

শিক্ষাখাতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়ে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছর থেকে লটারির পরিবর্তে সাধারণ পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করে ভর্তি করা হবে।

 

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

 

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী কড়া ভাষায় লটারি প্রথার সমালোচনা করেন। তিনি বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি অনেকটা জুয়া খেলার মতো। কোনো সুস্থ শিক্ষাব্যবস্থায় এই পদ্ধতি থাকতে পারে না। দীর্ঘ গবেষণার পর আমরা এটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।"

 

তিনি আরও জানান যে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সামনের দিনগুলোতেও আলোচনার এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

 

ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, পরীক্ষা হবে অত্যন্ত সাধারণ মানের, যেখানে শিক্ষার্থীদের ওপর কোনো বাড়তি প্রতিযোগিতার চাপ সৃষ্টি করা হবে না। তবে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের 'কোচিং বাণিজ্য' গড়ে উঠতে না পারে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

 

মন্ত্রী স্পষ্ট করে বলেন, "ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং ব্যবসা করতে চাইলে সরকার হাত গুটিয়ে বসে থাকবে না। প্রয়োজনে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই 'ইনহাউজ' কোচিংয়ের ব্যবস্থা করবে।"

 

ভর্তি সংক্রান্ত ঘোষণার পাশাপাশি শিক্ষামন্ত্রী এদিন দেশের উচ্চশিক্ষা প্রসারে বেশ কিছু বড় নিয়োগের কথা জানান। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়।

 

একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্যদের (ভিসি) নামও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন মন্ত্রী।