প্রতিবেদন প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, সময়ঃ ০৪:৩৮
ঢাকা-১৭ সংসদীয় আসনের জনগণের দাপ্তরিক ও দৈনন্দিন কার্যক্রম তদারকির জন্য প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) আবদুর রহমান সানী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবেন তিনি।
আজ সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়লাভ করেন। পরবর্তীকালে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর দাপ্তরিক ব্যস্ততার কারণে তার সংসদীয় আসনের সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা না হয়, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্য সচিবের স্বাক্ষরিত পত্রে আরো জানানো হয়, এ পদক্ষেপের মাধ্যমে ঢাকা-১৭ আসনের জনগণের দৈনন্দিন সরকারি ও প্রশাসনিক কাজগুলো সহজতর করা হবে ।
প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আবদুর রহমান সানী এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজগুলো সমন্বয় করবেন। তিনি তার বর্তমান পদ (সহকারী একান্ত সচিব-২) বজায় রেখেই অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগের ফলে ঢাকা-১৭ আসনের ভোটার ও সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর সাথে দাপ্তরিক যোগাযোগ এবং এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।