প্রতিবেদন প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, সময়ঃ ১২:৪৪
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ ময়দান পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বা বৃষ্টি থাকলে সময় পরিবর্তন হতে পারে।
সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।
প্রশাসক জানান, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে এবার ঈদগাহের বিশেষ কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা করার চেষ্টা চলছে। এছাড়া পুরো প্যান্ডেলে পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা রাখা হয়েছে।
মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহ ময়দানে পর্যাপ্ত ওযুখানার ব্যবস্থা করা হয়েছে। নারী মুসল্লিদের জন্য রাখা হয়েছে পৃথক প্রবেশ পথ ও নামাজের সুব্যবস্থা। এর পাশাপাশি জরুরি প্রয়োজনে ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার মেডিকেল টিমও মোতায়েন থাকবে।
ডিএসসিসি প্রশাসক জানান, এবারের প্রধান জামাতে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন, যা নগরবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। প্রধানমন্ত্রীর উপস্থিতি উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের নিরাপত্তা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, "যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।" তবে নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের নিষিদ্ধ বস্তু সঙ্গে না আনার জন্য এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার জন্য মুসল্লিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।