প্রতিবেদন প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, সময়ঃ ১২:১৭
আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সোমবার সন্ধ্যার পর থেকেই শুরু হবে মহিমান্বিত এই রজনীর আমল। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হবে পবিত্র শবে কদর।
পবিত্র রমজান মাসের এই ভাগ্যনির্ধারণী রাতেই মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র আল-কোরআন নাজিল হয়েছিল। মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাতে আজ রাতভর ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীসহ সারা দেশের মসজিদ ও বাসা-বাড়িতে চলবে বিশেষ আমল।
মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। এ রাতের ইবাদতকে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমত, বরকত ও নিয়ামত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত ও জিকির-আসকার করবেন।
পাপমুক্ত হওয়ার আশায় আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে মাগফেরাত ও নাজাত প্রার্থনা করবেন মুমিনরা। দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অতিবাহিত হবে এই পুণ্যময় রজনী।
পবিত্র শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের গণমাধ্যমগুলো। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওগুলো এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া সংবাদপত্রগুলোতে প্রকাশিত হবে বিশেষ নিবন্ধ।