প্রতিবেদন প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, সময়ঃ ০৮:০৩
ঢাকা দেশের জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষ ৯ দফা নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ রোববার (১৫ মার্চ) এক অনলাইন মতবিনিময় সভায় তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবে সরকার বদ্ধপরিকর এবং তেল নিয়ে যেকোনো ধরনের অনিয়ম রোধে মাঠ প্রশাসনকে আরও দৃঢ় ভূমিকা পালন করতে হবে।
জ্বালানি খাতের শৃঙ্খলা রক্ষায় আয়োজিত এই অনলাইন সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সভাপতিত্ব করেন। সভায় দেশের সব জেলা প্রশাসক ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব যুক্ত ছিলেন। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের কষ্ট কমাতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, জ্বালানি সরবরাহ চেইনে যেন কোনো ফাঁকফোকর না থাকে।
বিপণন ও তদারকি জোরদারে প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের সরাসরি নানা দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন, প্রতিদিন ডিপোগুলোর শুরু ও শেষের মজুত যাচাই করে নিয়মিত প্রতিবেদন দাখিল করতে হবে। একইসাথে ডিপো থেকে পেট্রল পাম্পে বরাদ্দকৃত তেলের সঠিক সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো পেট্রল পাম্প হঠাৎ বন্ধ থাকলে তার প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে এবং ডিপোর সরবরাহ তালিকার সাথে পাম্পের হিসাব মিলিয়ে দেখতে হবে। এছাড়া পেট্রল পাম্প ডিলার, এজেন্সি, প্যাকড পয়েন্ট ও সরাসরি গ্রাহকদের জ্বালানি বিতরণ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে ।
এছাড়া তেলের ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জেলা পর্যায়ে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি করতে হবে। পাশাপাশি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখতে হবে। কোনো ব্যত্যয় ঘটলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
জ্বালানি তেলের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়কল্পে জেলা প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি মনে করেন, দায়িত্বশীল তদারকি এবং জনগণের সচেতনতা সম্মিলিতভাবে এই সংকট মোকাবিলায় সহায়ক হবে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, জ্বালানি খাতের এই নতুন পর্যবেক্ষণ ব্যবস্থা অবিলম্বে মাঠ পর্যায়ে কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।