প্রতিবেদন প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, সময়ঃ ০৭:২৫
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকের বিস্তার রোধ, ইভ টিজিং প্রতিরোধ এবং 'র্যাগ ডে'-র নামে বিশৃঙ্খলা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব বিষয়ে গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন আগামী ৩০ মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোরবার (১৫ মার্চ) মাউশির এক জরুরি চিঠিতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের এই নির্দেশনা প্রদান করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার সিদ্ধান্তের আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত ই-মেইল ঠিকানায় (director.mew@gmail.com) নির্দিষ্ট ছক অনুযায়ী সকল তথ্য পাঠাতে হবে। মাউশির প্রেরিত চিঠিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত সচেতনতামূলক ডকুমেন্টারি ও থিম সং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলাই এর মূল লক্ষ্য।
শিক্ষাপ্রতিষ্ঠানে ইভ টিজিং বন্ধ এবং 'র্যাগ ডে' উদযাপনের নামে যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের রাতের বেলায় পড়াশোনায় আরও বেশি মনোযোগী ও উৎসাহিত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।
আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সকল প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করতে হবে। সংগৃহীত তথ্যগুলো একটি নির্ধারিত ছকে কম্পাইল করে পাঠাতে হবে। এই প্রতিবেদনে সংশ্লিষ্ট অঞ্চলের নাম, আওতাধীন মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়নে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানের হার (যদি থাকে) এবং তার সুনির্দিষ্ট কারণ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগকে 'অত্যন্ত জরুরি' হিসেবে গণ্য করছে মাউশি। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুল তথ্য প্রদানের জন্য বিশেষভাবে বলা হয়েছে।