প্রতিবেদন প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, সময়ঃ ০৩:৪২
স্টেশনগুলোতে কড়া নজরদারি, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এরই অংশ হিসেবে আগামীকাল সোমবার (১৬ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত সারা দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি বা বন্ধের দিন বাতিল করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ মার্চ থেকে শুরু করে ঈদের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক ছুটিতে থাকবে না, যাতে অতিরিক্ত যাত্রীচাপ সামলানো সম্ভব হয়। তবে ঈদের ছুটি শেষ হওয়ার পর ট্রেনগুলো পুনরায় তাদের নির্ধারিত সাপ্তাহিক বন্ধের নিয়ম অনুযায়ী চলাচল করবে।
যাত্রীদের নিরাপত্ত নিশ্চিত করতে এবং বিনা টিকিটে ভ্রমণ রোধে কঠোর অবস্থান নিয়েছে রেলওয়ে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ দেশের বড় স্টেশনগুলোতে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। টিকিটবিহীন যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারেন, সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও জিআরপি-র পাশাপাশি বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি রেলপথে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চলন্ত ট্রেন, রেললাইন এবং স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। রেলওয়ের নিজস্ব কর্মীদের পাশাপাশি অন্যান্য বাহিনীর সক্রিয় সহযোগিতায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোরভাবে দমনের প্রস্তুতি রাখা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের এই সমন্বিত উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা পূর্বের তুলনায় অনেক বেশি সুশৃঙ্খল এবং নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।