আমিরাতের বন্দরে জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, সময়ঃ ০৫:৫৬

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনার মাঝে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরাহ জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের খারগ দ্বীপে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তেহরান। শনিবার ফরাসি সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে মার্কিন বাহিনীর হামলার মাত্র কয়েক ঘণ্টা পরেই আমিরাতের এই স্থাপনায় আঘাত হানে ইরান। মূলত উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলার দায়ভার গ্রহণ করেছে। তবে হামলা চালানোর আগেই এক বিশেষ বার্তায় ওই এলাকার সাধারণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল তারা। মূলত বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতেই আইআরজিসি এই সতর্কতা জারি করেছিল বলে জানা গেছে।

 

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল মজুদ ও বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর বন্দরের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই বন্দরে বিশাল তেল রপ্তানি টার্মিনাল থাকায় হামলার প্রভাব বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার আমিরাতের এই কৌশলগত জ্বালানি এলাকা ইরান লক্ষ্যবস্তু করেছিল।