ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত: কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, সময়ঃ ০৫:০৮

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের সময়সীমা ও কার্যসূচি চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। 

 

শনিবার দুপুরে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে আয়োজিত এই বৈঠকে সংসদের স্থায়িত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাদি নিষ্পন্নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদ সদস্যরা মোট ৫০ ঘণ্টা আলোচনার সুযোগ পাবেন। তবে জনস্বার্থে বা বিশেষ প্রয়োজনে স্পিকারকে অধিবেশনের সময় ও কার্যদিবসের যেকোনো পরিবর্তন করার পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে।

 

অধিবেশন সচিবালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে । মোট প্রশ্ন: ৪৬৮টি (যার মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি)। মনোযোগ আকর্ষণ নোটিশ (বিধি-৭১) ২৭টি। সিদ্ধান্ত-প্রস্তাব (বিধি-১৩১) ৯৭টি।

 

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং চিফ হুইপ মো. নুরুল ইসলাম। বিরোধী দলের পক্ষে চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির আলোচনায় অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

 

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।