মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, সময়ঃ ০৪:৫৪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই জরুরি অস্ত্রোপচার করা হয়।

 

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডা. রফিক জানান, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করানো হয়েছিল। সেই রিপোর্টে তাঁর শারীরিক অবস্থার অবনতি পরিলক্ষিত হয়। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ড সব কিছু নিবিড়ভাবে পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করে। পরিবারের সদস্যদের সম্মতি সাপেক্ষেই এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

 

দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মির্জা আব্বাসের চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক।

 

এর আগে জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি অসুস্থ মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথা বলেন। চিকিৎসকরা তাঁকে বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিস্তারিত অবহিত করেন।

 

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। এরপরই তাঁকে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।