প্রতিবেদন প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, সময়ঃ ০১:৫২
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ইরানের অভ্যন্তরে স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে দেশটিতে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বৃহস্পতিবার (১২ মার্চ) নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংঘাত অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের জরুরি সহায়তা দলের প্রধান এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিষয়ক সমন্বয়কারী আয়াকি ইতো এক বিবৃতিতে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন। তিনি জানান, প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে দেখা গেছে যে ইরানের অভ্যন্তরে বর্তমানে ৬ লাখ থেকে ১০ লাখ পরিবার অস্থায়ীভাবে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। মোট মানুষের হিসেবে এই সংখ্যাটি প্রায় ৩২ লাখে দাঁড়িয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, সংঘাত যদি দীর্ঘায়িত হয় তবে বাস্তুচ্যুত মানুষের এই মিছিল আরও দীর্ঘ হবে। এতে করে দেশটিতে খাবার, ওষুধ ও আশ্রয়ের মতো মৌলিক চাহিদার চরম ঘাটতি দেখা দিতে পারে, যা মানবিক সংকটকে আরও প্রকট করে তুলবে।
বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ এবং ত্রাণ তৎপরতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।