হিজবুল্লাহর হামলা বন্ধ না হলে লেবানন দখলের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১২ মার্চ ২০২৬, সময়ঃ ০৮:১০

লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অব্যাহত রকেট ও ড্রোন হামলা বন্ধ না হলে দেশটি দখল করে নেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি স্পষ্ট জানিয়েছেন, লেবানন সরকার যদি তাদের ভূখণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে অভিযান চালিয়ে ওই অঞ্চল ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেবে।

 

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহর ব্যাপক হামলার প্রেক্ষাপটে এই কঠোর অবস্থান নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েল কাৎজ জানান, তিনি লেবাননের সরকারকে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন।

 

কাৎজ বলেন, হিজবুল্লাহর হামলা বন্ধ করা লেবাননের দায়িত্ব। যদি লেবানন সরকার হিজবুল্লাহর কর্মকাণ্ড প্রতিহত করতে না পারে, তবে ইসরায়েলি বাহিনী সরাসরি লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে তা দখল করে নেবে। তিনি আরও উল্লেখ করেন যে, লেবাননের প্রেসিডেন্টকেও এই বিষয়ে কড়া সতর্কবার্তা পাঠানো হয়েছে। ইসরায়েলি প্রশাসনের মতে, নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণে লেবানন সরকারের অক্ষমতা পরিলক্ষিত হলে ইসরায়েল তার সীমানা সুরক্ষিত করতে দখলদারিত্বের পথে হাঁটবে।

 

প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের জানমাল রক্ষায় সামরিক অভিযান চালিয়ে লেবাননের ভূখণ্ড ইসরায়েলের সঙ্গে জুড়ে নিতেও তারা দ্বিধাবোধ করবেন না।

সার্বিক পরিস্থিতিতে সীমান্ত অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।